ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাংক ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র নিয়ে সামরিক মহড়া চালিয়েছে ইউক্রেন

সীমান্তে রাশিয়ার সৈন্য উপস্থিতি নিয়ে চলমান উত্তেজনার মাঝেই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্মিত ট্যাংক ধ্বংসকারী জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র নিয়ে সামরিক মহড়া চালিয়েছে ইউক্রেন। বুধবার (২২ ডিসেম্বর) দেশটির ডম টেলিভিশন জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই মহড়াটি বিচ্ছিন্নতাবাদীদের অবস্থান থাকা পূর্বাঞ্চলে চালানো হয়েছে।


ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর সদস্য হতে চায় ইউক্রেন। ২০১৮ সাল থেকেই একাধিকবার মার্কিন অস্ত্র ও জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র পেয়েছে দেশটি। তবে প্রতিটি ক্ষেত্রেই রাশিয়া বিষয়টির তীব্র সমালোচনা করেছে।


ইউক্রেনের অভিযোগ- সম্ভাব্য আক্রমণ চালানোর জন্য রাশিয়া নিজেদের সীমান্তে হাজার হাজার সৈন্য মোতায়েন করে রেখেছে। পূর্বাঞ্চলীয় ডনবাস এলাকায় সংঘাত শুরু হলে তা প্রতিবেশী দুই দেশের মধ্যে যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে।


রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে আক্রমণে পরিকল্পনা করছে বলে যে অভিযোগ উঠেছে; এরই মধ্যে তা অস্বীকার করেছে মস্কো। যদিও তারা ওয়াশিংটন ও কিয়েভের বিরুদ্ধে অস্থিতিশীল আচরণের অভিযোগ করে পূর্ব ইউরোপে ন্যাটোর সম্প্রসারণের বিরুদ্ধে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছে।


বুধবার ইউক্রেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওলেকসি ডানিলভ জানিয়েছেন, ইউক্রেন সীমান্ত থেকে ২০০ কিলোমিটার দূরে এক লাখ ২২ হাজার রুশ সৈন্য অবস্থান করছে।


এর আগে গেল সপ্তাহে তিনি বলেছিলেন, ইউক্রেনে আক্রমণ চালানো ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হলে সীমান্তে রাশিয়ার অন্তত পাঁচ থেকে ছয় লাখ সৈন্য মোতায়েন করতে হবে।


তিনি আরও জানান, রাশিয়া যে কোনো সময় দ্রুত সেনা মোতায়েন বাড়াতে পারে। তবে আক্রমণ অভিযানের জন্য পর্যাপ্ত সেনাবাহিনীর সদস্য মোতায়েন করতে মস্কোর ২৪ ঘণ্টার বেশি সময় লাগবে।


বুধবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বায়েরবক দাবি করেন, মস্কোর সঙ্গে সংলাপ জরুরি, হোক তা নরমান্ডি কিংবা রাশিয়া-ন্যাটো কাউন্সিলের ফরম্যাটে।


বিশ্লেষকদের মতে, ইউক্রেন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। দেশটির সীমান্তে রুশ সেনাবাহিনী সামরিক শক্তি বৃদ্ধি করছে বলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে অভিযোগ করে আসছিলেন মার্কিন কর্মকর্তারা। এমনকি গোয়েন্দা কর্মকর্তারাও দাবি করেছেন রুশ সামরিক বাহিনী ২০২২ সালের শুরুর দিকে ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করতে পারে।


আন্তর্জাতিক মিডিয়াগুলো বলছে, ইউক্রেন সীমান্তের চারটি স্থানে রাশিয়ার সেনা, ট্যাংক ও কামানের সমাবেশ ঘটানোর প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে সীমান্তে ৯৪ হাজার রুশ সৈন্য মোতায়েন রয়েছে। যা এক লাখ ৭৫ হাজারে উন্নীত হতে পারে।


উল্লেখ্য, রাশিয়া অবশ্য বরাবরই ইউক্রেনে হামলার ইচ্ছার কথা অস্বীকার করে এসেছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে জরুরি আলোচনাও করতে চায় মস্কো। এছাড়া পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলোতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর কর্মকাণ্ড সীমিত করতে গেল শুক্রবার দাবি জানিয়েছে রাশিয়া।

ads
ads
ads

Our Facebook Page

↑